শিরোনাম

‘খেলনা বিমান’ মন্তব্য ভাইরাল, নোরা ফাতেহির বিরুদ্ধে এভিয়েশন কোম্পানির মামলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘খেলনা বিমান’ মন্তব্য ভাইরাল, নোরা ফাতেহির বিরুদ্ধে এভিয়েশন কোম্পানির মামলা
নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে একটি বিমান চলাচল সংস্থা (এভিয়েশন কোম্পানি)। কোম্পানিটির অভিযোগ সামাজিকমাধ্যমে তাদের চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা বিমান’ হিসেবে মন্তব্য করেছেন অভিনেত্রী। এতে তাদের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের গান্ধীনগরের একটি আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি উড়োজাহাজের ভেতরে ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। সে সময় উড়োজাহাজটিকে ‘খেলনা’ বা লোগো এয়ারপ্লেন হিসেবে উল্লেখ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করেন।

এভিয়েশন কোম্পানিটির দাবি, নোরার এই মন্তব্য বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়া করা হয়েছে।নোরার ইনস্টাগ্রামে ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী থাকায় তার মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর জেরে উড়োজাহাজটির বুকিং বাতিল হতে শুরু করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, ভিডিও প্রকাশের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আদালতের কাছে সামাজিকমাধ্যম থেকে নোরার ওই মন্তব্য বা উড়োজাহাজটি নিয়ে করা সব ধরনের পোস্ট ও কনটেন্ট অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া অভিনেত্রীকে প্রকাশ্যে একটি ব্যাখ্যা বা স্পষ্টীকরণ দেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন করেছে কোম্পানিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/