শিরোনাম

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানালেন টুইঙ্কেল খান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানালেন টুইঙ্কেল খান্না
আন্দোলনরত শিক্ষার্থীরা (বাঁয়ে) ও অভিনেত্রী টুইঙ্কেল খান্না (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

নিট পরীক্ষা কেন্দ্রিক বিতর্কে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। পরীক্ষা পদ্ধতিতে সংস্কার ও স্বচ্ছতার দাবিতে দেশজুড়ে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ এবং সম্প্রতি দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিজের সংহতি প্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে আন্দোলনকারীদের সাহসের প্রশংসা করে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুম্বাই ও দিল্লির ছাত্র বিক্ষোভের একাধিক ছবি প্রকাশ করেন টুইঙ্কেল। এর মধ্যে শিবাজী পার্কে আটককৃত আন্দোলনকারীদের বহনকারী পুলিশের প্রিজন ভ্যান আটকে দাঁড়ানো ২৭ বছর বয়সি মডেল রিয়া আহিরের ছবি এবং দিল্লিতে লাঠিচার্জের সময় বিক্ষোভকারীদের বাঁচাতে এক নারীর ঢাল হয়ে দাঁড়ানোর দৃশ্য রয়েছে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশের তরুণ প্রজন্মের এ সাহস তাকে গর্বিত করে, তবে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে তাদের এভাবে টিয়ার গ্যাস ও লাঠির আঘাত সহ্য করতে বাধ্য হওয়া অত্যন্ত দুঃখজনক।

কেবল টুইঙ্কেল খান্না নন, শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের আরও অনেক তারকা। অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা প্রকাশ রাজ সরাসরি যন্তর মন্তরে গিয়ে শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ মিছিলে যোগ দেন। এছাড়া সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ইমরান খান এবং রাজকুমার রাওর মতো তারকারাও সামাজিক মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। মূলত, প্রধান বিচারপতি সূর্য কান্ত আন্দোলনকারী তরুণদের উদ্দেশ্যে ‘ককরোচ’ শব্দটি ব্যবহার করার পর, শিক্ষার্থীরা সেই নামটিকেই প্রতিবাদের প্রতীক বানিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গড়ে তোলে। এই সংগঠনের ব্যানারেই এখন হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ আন্দোলনে শামিল হয়েছেন।

২০ জুলাই দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচির মধ্য দিয়ে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। শুরুতে কর্মসূচিটি শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে এবং আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করা হয়। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি। প্রতিবাদকারীরা জানিয়েছেন, নিট পরীক্ষার সুষ্ঠু সংস্কার, ন্যায়বিচার এবং পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এ লড়াই অব্যাহত থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/