শিরোনাম

‘ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। ছবি: জি ২৪ ঘণ্টা

মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলন নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। আন্দোলনের আড়ালে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল অবস্থায় ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন এ বিজেপি নেতা। তার দাবি, অতীতেও এই ধরনের দেশবিরোধী চক্রান্ত সফল হয়নি, এবারও তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে চলা বিক্ষোভ প্রসঙ্গ টেনে কলকাতার রাজারহাট-নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি বলেন, ভারতের রাজধানীকে উত্তপ্ত করার পেছনে যেসব পরিচিত মুখ দেখা যাচ্ছে, তারা বহু বছর ধরেই নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। এসব ‘আন্দোলনজীবী’ সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করছে এবং সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালাচ্ছে। মূলত সংসদের অধিবেশন চলাকালে গণমাধ্যম ও দেশের মানুষের নজর বেশি থাকে বলেই তারা বিশৃঙ্খলা তৈরির জন্য এ বিশেষ সময়টি বেছে নেয়।

বিজেপির এ জ্যেষ্ঠ নেতা দাবি করেন, আন্দোলনের নামে এই লোকগুলোই বারবার রূপ বদলে সামনে আসে- যারা কৃষক আন্দোলন করেছেন, তারাই আবার ছাত্র আন্দোলন বা নারী আন্দোলনের নামে মাঠে নামছেন। আন্দোলনকারীদের ‘বিদেশি শক্তির পেশাদার পুতুল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের শেষ পরিণতিও কৃষক আন্দোলনের মতোই হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি মনে করিয়ে দেন, এটি নরেন্দ্র মোদী ও অমিত শাহর সরকার, যারা সঠিক সময়ে কঠোর ও সঠিক সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র পিছপা হবে না।

সাধারণ শিক্ষার্থীদের সতর্ক করে দিলীপ ঘোষ বলেন, বিদেশি টাকায় উসকানি দেওয়া এসব স্বার্থান্বেষী মহলের কৌশল সাধারণ শিক্ষার্থীরা ধরে ফেলেছে এবং তারা বুঝতে পেরেছে কীভাবে তাদের বলির পাঁঠা বানানো হচ্ছিল। রাহুল গান্ধীসহ বিরোধীদলীয় নেতাদের কড়া সমালোচনা করেন তিনি। এ মন্ত্রী আরও যোগ করেন, কিছু বিদেশি শক্তি ভারতের উন্নয়ন ও ঐক্য সহ্য করতে পারছে না। আর বিরোধীদলীয় নেতারা নিজেদের স্বার্থে সেই বিদেশি চক্রের দাবার গুটি হয়ে দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।

সূত্র: জি ২৪ ঘণ্টা

/এমএকে/