শিরোনাম

আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কায় মুম্বাইয়ে কড়া নিষেধাজ্ঞা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কায় মুম্বাইয়ে কড়া নিষেধাজ্ঞা
পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ছবি: বিবিসি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী দিল্লি এখন বিক্ষোভ ও আন্দোলনে উত্তাল। আন্দোলনের আঁচ যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য মুম্বাইয়ে ৬ আগস্ট পর্যন্ত সব ধরনের সমাবেশ ও পাঁচ বা তার বেশি মানুষের একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সার্বিক উত্তেজনার মুখে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেছেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা অপরাধীদের বিচারে দ্রুত বিচার আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট) গঠন করা হবে।

রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে শিক্ষার্থীদের এ প্রতিবাদ দিন দিন আরও জোরদার হচ্ছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে চলা এ বিক্ষোভে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করায় আন্দোলনকারীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। দিল্লির আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে সভা-সমাবেশ করায় ইতোমধ্যে সেখানে ৯০০ জনের বিরুদ্ধে আটটি মামলা দায়ের করেছে পুলিশ। এরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে ৬ আগস্ট পর্যন্ত মুম্বাইজুড়ে বিনা অনুমতিতে জমায়েতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।

আন্দোলন তীব্র হতে থাকায় বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের তরুণ সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। যারা তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

/এমএকে/