শিরোনাম

দিশার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
দিশার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য গ্রেপ্তার
বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বেরেলিতে অভিনেত্রীর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে ববিকে আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ববি উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার ছক কষেছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। নিজে গুলি না চালালেও হামলায় ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহের মূল কারিগর ছিলেন এই ববি। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিশার বাড়ি ছাড়াও আরও কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছে।

গত বছরের ১২ সেপ্টেম্বর গভীর রাতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেন। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই আক্রমণ চালানো হয়।

বলিউড ভাইজান সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার ঘটনার পর দিশার বাড়িতে গুলিবর্ষণের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দিশার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় আগেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার মূল অস্ত্র সরবরাহকারী ববির গ্রেপ্তারকে তদন্তের অন্যতম বড় অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, ভারতে তারকাদের বাসভবনে গ্যাংস্টারদের হামলার ঘটনা যেন ইদানীং নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। সালমান খান, রোহিত শেঠির পর দিশা পাটানির বাড়িতে হামলার ঘটনা ঘটে।

/জেএইচ/