শিরোনাম

৫০তম বিসিএস প্রিলিমিনারি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

৫০তম বিসিএস প্রিলিমিনারি আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় অংশ নেবেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মানতে হবে যেসব নির্দেশনা

পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে এবং এরপর কোনো অবস্থাতেই কাউকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও যেকোনো ধরনের ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএসসি আরও জানিয়েছে, প্রতিটি কক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। পাশাপাশি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে এবং কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র বা আবরণ ব্যবহার করা যাবে না।

/জেএইচ/