শিরোনাম

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

যমুনায় শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার চাওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’; ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; পুলিশ লীগের সংস্কর, এ মুহুর্তে দরকারসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে আবেদন করেছিলাম জুলাই গনঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত পুলিশদের বহিষ্কার করে নতুন করে শিক্ষার্থীদের নিয়োগ দিতে। পুলিশ সবসময় সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। শুধু শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে তারা গুলি চালাতে পারে। আমরা এদের সংস্কার চাই।'

জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘এক জুম্মাবার আমার ভাই হাদিকে হত্যার পর পুলিশলীগ আরেক জুম্মায় আমাদের ওপর আঘাত করেছে। আমরা আর মার খেতে চাই না। আমরা দেখেছি জুলাইয়ে কীভাবে পুলিশ হামলা করেছে। আমরা পুলিশের সংস্কার চাই।’

সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘আমাদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সরকার আমাদের ওপর গুলি করেছে। এ সরকার আমাদের নয়। আবার যদি কোনো ভাইবোন পুলিশের গুলিতে আহত হয়, আমরা পুলিশ লীগকে দেখে নিবো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা হাসিনাকে সরিয়েছি৷ এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো পুলিশ সংস্কার, কিন্তু সেটা করা হয়নি।

/জেএইচ/