শিরোনাম

দেশে আসছে ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েল

নিজস্ব প্রতিবেদক
দেশে আসছে ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েল
জ্বালানি তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি চালান।

মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ দেশে আসছে। আইসল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

একই দিনে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও দেশে পৌঁছাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি কাজ করছে। এ লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জ্বালানি দেশে আনা হচ্ছে।

এদিকে চট্টগ্রাম বন্দরে আগেই এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ এসে পৌঁছেছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে এসেছে ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’। বন্দর সূত্র জানায়, শিগগিরই এসব জ্বালানি খালাস কার্যক্রম শুরু হবে।

/জেএইচ/