শিরোনাম

বাজারে মূল্য তালিকা টানানোর নির্দেশ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাজারে মূল্য তালিকা টানানোর নির্দেশ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে।

পরিদর্শনকালে তিনি বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। এ সময় তাদের কাছ থেকে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন।

শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাজার মনিটরিং করছি। গতকাল কারওয়ান বাজার পরিদর্শন করেছি। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আজও দুটি বাজার পরিদর্শন করে ভোক্তাদের সন্তুষ্টির চিত্র দেখতে পেয়েছি।

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের সন্তুষ্টির প্রতি সব সময় সজাগ থাকবে বলেও জানান তিনি।

ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে। তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না বলে জানান প্রতিমন্ত্রী। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেএইচ/