শিরোনাম

বাজেট ঘোষণার প্রভাব নেই, আগের দামেই মিলছে মাছ-সবজি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাজেট ঘোষণার প্রভাব নেই, আগের দামেই মিলছে মাছ-সবজি
রাজধানীর মিরপুর-৬ কাঁচাবাজারে সবজির দোকান

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকলেও রাজধানীর কাঁচাবাজারগুলোয় এখনো এর কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।

শুক্রবার (১২ জুন) রাজধানীর মিরপুর-৬ কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। মাছ, সবজি, আলু, পেঁয়াজ, রসুন ও ডালের দাম আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। বরং কিছু সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কমেছে। ঈদের আগে বাড়তি থাকা মুরগির দামও বর্তমানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। তবে চিংড়ি মাছের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজেট ঘোষণার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি ব্যবসায়ীরা।

বাজারে প্রতি কেজি চিংড়ি ৯০০ টাকা, আইড় ৯৫০ টাকা, বড় কাতল ৮০০ টাকা, বোয়াল ৭০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, পোয়া মাছ ৬০০ টাকা, মাঝারি আকারের রুই ৪০০ টাকা ও পাবদা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৬০-২২০ টাকা, সিলভার কার্প ২০০ টাকা, স্বরপুটি ২২০-২৮০ টাকা এবং বাটা মাছ ২২০-৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

মাছ বিক্রেতা রবি জানান, চিংড়ি মাছ আগে ৭৫০ টাকা ছিল। আজ দাম বেড়ে ৯০০ টাকা হয়েছে।

বাজেট ঘোষণার প্রভাব নেই, আগের দামেই মিলছে মাছ-সবজি 2

আরিয়ান নামের আরেকজন মাছ বিক্রেতা বলেন, এখনো পর্যন্ত মাছের দাম বাড়েনি।

মুকিত নামের একজন ক্রেতা বলেন, এখনো পর্যন্ত কোনোকিছুর দাম তেমন বাড়তে দেখিনি।

বাজার করতে আসা রবিন বলেন, গতকাল সরকার বাজেট ঘোষণা করেছে এটা জানি। আজকে বাসার বাজার করতে এসে দেখি– মাছ-সবজির পাশাপাশি আলু, পেঁয়াজ, রসুনের দাম দাম আগের মতোই আছে।

সবজির বাজারে দেখা যায়, প্রতি কেজি শসা ১২০ টাকা, গাজর ১৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পটলের কেজি ৮০ টাকা, ৫ দিন আগেও তা ১২০ ছিল। পেঁপের কেজি ৬০ টাকা, ১০ দিন আগে ৮০ টাকা ছিল। বেগুন, করলা ও কাঁকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১০ দিন আগে এগুলো ১০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি ঝিঙা ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা রহমান বলেন, টমেটো ছাড়া বাকি সবজির দাম কিছুটা কমেছে। টমেটোর কেজি এখন ১৮০ টাকা, ৫ দিন আগে ১৪০ টাকা ছিল।

মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৬৫-৭০ টাকা। ঈদের আগে তা ২২০ টাকা ছিল। সোনালি জাতের মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ঈদের আগে ৪২০ টাকা ছিল। লেয়ার জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩৭০-৩৮০ টাকা দরে।

বাজেট ঘোষণার প্রভাব নেই, আগের দামেই মিলছে মাছ-সবজি  3

এদিকে, প্রতি কেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৪০-৫০ টাকা, বড় রসুন ১৮০ টাকা, ছোট রসুন ১২০ টাকা এবং আদা ২৪০ দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতা রাসেল বলেন, এসব জিনিসের দাম আগের মতোই আছে। শুধু, আলুর দাম আগের সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়েছে।

/এফসি/