শিরোনাম

একনেকে ১৫ প্রকল্প পাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
একনেকে ১৫ প্রকল্প পাস
একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিএমও

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

এদিন বর্তমান সরকারের দ্বিতীয় ও একনেকের ২০২৫-২৬ অর্থবছরের ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

সভা শেষে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘আজকের একনেক সভায় ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে। তবে কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টের বিষয় আছে।’

তিনি বলেন, ‘একটা সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল যে, বর্তমানে চলমান এবং অতীতে প্রস্তাবিত সব প্রকল্প নতুন করে পর্যালোচনা (রিভিউ) করা হবে। কারণ, অনেক প্রকল্প এমন অবস্থায় চলে এসেছে যে, সেগুলোর হয়ত প্রয়োজন নেই।’

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। তা হচ্ছে–আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করতে হবে। যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কতটুকু কাজে আসবে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার পরিকল্পনাগুলোর সঙ্গে সামঞ্জস্য কিনা? এই সব দিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/