শিরোনাম

বাজেট নিয়ে রিহ্যাবের প্রাথমিক প্রতিক্রিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাজেট নিয়ে রিহ্যাবের প্রাথমিক প্রতিক্রিয়া
বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে রিহ্যাব। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আবাসন খাতের উন্নয়নে কোনো কার্যকর নীতিসহায়তা বা প্রণোদনার প্রতিফলন দেখা যায়নি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটি মনে করে, উল্টো নির্মাণসামগ্রীর ওপর নতুন কর ও শুল্ক আরোপের কারণে আবাসন খাতের গতি কমে যাওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে রিহ্যাব উল্লেখ করেছে, নতুন বাজেটে বিশেষ করে রডের ওপর সুনির্দিষ্ট ভ্যাট আরোপের ফলে আবাসন শিল্পের নির্মাণ ব্যয় আরও একধাপ বাড়ব। এর সরাসরি প্রভাব পড়বে ফ্ল্যাটের মূল্য এবং সাধারণ ক্রেতাদের ওপর। দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ও জমি নিবন্ধন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানানো হলেও এবারের বাজেটে তার কোনো প্রতিফলন ঘটেনি। অথচ এ নিবন্ধন ব্যয় কমানো হলে আবাসন খাতে প্রকৃত লেনদেন ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বহুলাংশে বাড়ত।

দীর্ঘমেয়াদে আবাসন খাতকে শক্তিশালী করতে হলে নিবন্ধন ব্যয় কমানো, গৃহায়ণবান্ধব করনীতি প্রণয়ন, দীর্ঘমেয়াদি ও স্বল্পসুদে অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং একটি স্থিতিশীল বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশের অর্থনীতিকে গতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধির ভিত্তিকে শক্তিশালী করতে বাজেট-পরবর্তী আলোচনায় আবাসন খাতের বিষয়ে রিহ্যাবের উত্থাপিত প্রস্তাব ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির মতে, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং এর সঙ্গে রড, সিমেন্ট, সিরামিক, বৈদ্যুতিক সামগ্রী, আসবাবপত্র ও পরিবহনসহ প্রায় ২৬৯টি লিংকেজ শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। ফলে নির্মাণ ব্যয় বৃদ্ধি ও বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার কারণে আবাসন খাত সংকুচিত হলে এ অসংখ্য শিল্প এবং লাখো মানুষের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে বাজেটে ‘স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন’ এর সুযোগ রাখার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও এ নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত অভিমত জানাবে সংগঠনটি।

/এমএকে/