শিরোনাম

ফেসবুকে যুক্ত হচ্ছে বিকাশ পেমেন্ট সুবিধা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফেসবুকে যুক্ত হচ্ছে বিকাশ পেমেন্ট সুবিধা
ফেসবুক ও বিকাশের লোগো

বাংলাদেশের ফেসবুকভিত্তিক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন একটি সুবিধা আনার উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় (Ads Manager) বিকাশকে পেমেন্ট মাধ্যম হিসেবে যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। তবে এই সুবিধা এখনও সীমিত সংখ্যক ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর ফলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত এবং তুলনামূলকভাবে কম ঝামেলার হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর Add Payment Method অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশও পেমেন্টের একটি বিকল্প হিসেবে যুক্ত হয়েছে। কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে এই পদ্ধতিতে সফলভাবে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে সক্ষম হয়েছেন বলেও জানা গেছে।

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে উদ্যোক্তাদের আন্তর্জাতিক ব্যাংক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার মুখোমুখি হতে হতো। এসব শর্ত পূরণ করা বিশেষ করে নতুন উদ্যোক্তা ও ছোট ব্যবসায়ীদের জন্য ছিল ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে কঠিন।

তবে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মেটা। ফলে এই সুবিধা কবে দেশের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে স্থানীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ শিগগিরই আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

/এমআর/