শিরোনাম

গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে মৃত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে (কন্টিনেন্টাল হাসপাতাল) আনা হয়। তিনি গুলশানে বসবাস করতেন।

হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘আনঅ্যাটেনডেড ডেথ (ফাউন্ড ডেড)’ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া মরদেহের মুখে আঘাতের চিহ্নের রয়েছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ ও ফোলাভাব লক্ষ করা গেছে। চোখের চারপাশেও রক্তজমাটের মতো চিহ্ন রয়েছে।

ডিএমপির গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেসুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আমরা ওই ভারতীয় নারীর মৃত্যুর খবর পাই। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এফসি/