‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’- প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’- প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিকী

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে আলোচনা সৃষ্টি করা সেই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার নাম আবু বক্কর সিদ্দিকী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ভয়ংকর কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজশাহী থেকে গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।

এসআরবি-৫ অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবু বকরকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে প্রধানমন্ত্রী রুয়েটের একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন। এসময় রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ এই পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি সংযুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভয়ংকর মন্তব্য করা হয়। সেখানে লেখা হয় ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।

এই মন্তব্য ঘিরে বিএনপির নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে তাকে গ্রেপ্তারের দাবি জানান।

পরে ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর হয়। আবু বকরকে শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন একটি মন্তব্য করেছেন। সেটা অত্যন্ত উদ্বেগজনক অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/জেএইচ/