শিরোনাম

রুনি-সাগর হত্যা: তদন্তে আরও ৬ মাস সময় দিলেন আদালত

সিটিজেন ডেস্ক
রুনি-সাগর হত্যা: তদন্তে আরও ৬ মাস সময় দিলেন আদালত
সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এর আগে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দেওয়ার কথা বলা হলেও তদন্ত প্রতিবেদন এখনো জমা না পড়ায় নতুন করে এই সময়সীমা নির্ধারণ করা হলো।

রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত সম্পন্ন করতে আরও কিছুদিন সময় প্রয়োজন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আরও ছয় মাস সময় মঞ্জুর করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর হাইকোর্ট আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ছয় মাস সময় দেন। সে সময় আদালত বলেছিলেন, ‘শেষবারের মতো’ এই সময় দেওয়া হচ্ছে এবং এর মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

২০২৪ সালের অক্টোবরে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। পিবিআই প্রধানকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। এছাড়া কমিটিতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন একজন পুলিশ প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র‍্যাবের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়নি।

/এসএ/