শিরোনাম

৩ দিনের রিমান্ডে ‘মাদক সম্রাট’ চুয়া সেলিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ দিনের রিমান্ডে ‘মাদক সম্রাট’ চুয়া সেলিম
আদালত প্রাঙ্গণে মাদক সম্রাট চুয়া সেলিম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কথিত মাদক সম্রাট মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২২ আগস্ট) বিকেলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, সেলিমের বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস শনাক্ত, আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তার অপরাধের কৌশল সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭-এর ব্লক-৫ এলাকায় অভিযান চালায় র‌্যাব-২-এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি ৭ দশমিক ৬৫ মিমি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১১০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি সেলিম।

/এসবি/