শিরোনাম

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার রায় যেকোনো দিন

আদালত সংবাদদাতা
আদালত সংবাদদাতা
হানিফসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার রায় যেকোনো দিন
মাহবুব-উল আলম হানিফ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে। যেকোনো দিন এর রায় হবে।

বুধবার (১০ জুন) রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার অন্য আসামিরা হলেন– কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। হানিফসহ মামলার ৪ আসামিই পলাতক।

এর আগে ৭ জুন এই মামলার ৪ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। ওইদিন রাষ্ট্রপক্ষ আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। এরপর ৮ ও ৯ এবং ১০ জুন আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়।

/এফসি/