শিরোনাম

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে প্রেমিকসহ আটক ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে প্রেমিকসহ আটক ৩
অভিযুক্ত তিন আসামি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রেমিকসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো– কালিতলা এলাকার মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। পুলিশ জানায়, তামিম ওই এলাকার মো. আনারুলের ছেলে, রনি মো. মিন্টুর ছেলে এবং মাসুদ মজিদুর রহমানের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মায়ার (রূপক নাম) সঙ্গে প্রায় এক সপ্তাহ আগে সদর উপজেলার কালিতলার তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল শনিবার বিকালে মায়াকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়।

সেখানে তামিম এবং তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে, রাত তিনটার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে।

এদিকে, ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. শাহজাহান আলী জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/