শিরোনাম

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি
ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‍্যালি। ছবি: সংবাদদাতা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে জেলার আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‍্যালি। রবিবার (৭ জুন) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়।

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

র‍্যালিতে অংশ নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগ ও ভালোবাসার নাম। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই আমরা এই আয়োজন করেছি।

আরেক সমর্থক আসাদুজ্জামান শামীম বলেন, ফুটবল বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই র‍্যালির আয়োজন করেছি।

র‍্যালিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে ফুটবলের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আশা প্রকাশ করেন।

/এসআর/