শিরোনাম

কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল সংবাদদাতা
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজ হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে টাঙ্গাইল স্টেডিয়ামে আয়াজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এদিন সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ১১টা ২২ মিনিটের দিকে তিনি টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান। সেখান থেকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষকদের কল্যাণে সারাদেশের ১০টি উপজেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এদিন টাঙ্গাইলের ১৫ কৃষককে নিজ হাতে কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এসব কৃষকদের গাছের ছাড়া বিতরণ করা হয়।

জানা গেছে, প্রি-পাইলটিং হিসেবে দেশের ১০টি উপজেলার ১১টি ব্লকে ২০ হাজার ৬৭১ জন কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে এক হাজার ৪৫৩ জন কৃষকের মাঝে কৃষক কার্ড পাবে।

কৃষি বিভাগ জানায়, পর্যায়ক্রমে সারাদেশের কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।

পাইলটিং পর্যায়ে প্রত্যেক কৃষক বছরে ২৫০০ টাকা করে পাবেন। এ খাতে সরকারের মোট ব্যয় হবে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

কৃষক কার্ডে যেসব সেবা পাওয়া যাবে তা হচ্ছে– ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়া পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগ বালাই দমনের পরামর্শ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় সুবিধা।

/এফআর/