শিরোনাম

নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইল সংবাদদাতা
নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে গিয়ে পৃথকস্থানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকার বংশাই নদী ও বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন– নৌকা ভ্রমণ যাওয়া শেরপুরের হাসমতের ছেলে জিকুল ও রংপুরের সাজ্জাদ। এছাড়াও মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তির নাম সুশান্ত রাজবংশী। তিনি মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের নেপাল রাজবংশীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুই জন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে বৃহস্পতিবার রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশে নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক জেলে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসকর্মীরা তার লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসআর/