শিরোনাম

যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, রাজশাহী নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, রাজশাহী নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার
নিহত রাকিবুল হাসান ওরফে রকি।

রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান ওরফে রকি (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে ওই হত্যার ঘটনা ঘটে। নিহত রকি রাজশাহী শহরের হেতেম খাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির অভিযোগে নিহত রাকিকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে রকির দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। পরবর্তীতে রাত সাড়ে আটটার দিকে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রকির বোন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় আজ (শুক্রবার) সকালে অভিযান চালিয়ে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো– রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ (শুক্রবার) রাজশাহী মেডিকেল কলেজে নিহত রকির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/