শিরোনাম

ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করবো: তারেক রহমান

রাজশাহী সংবাদদাতা
ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করবো: তারেক রহমান
জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করবো। আমের জন্য হিমাগার করবো। নির্বাচনে জয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। ১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রসা মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময় দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে গৃহীত সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল।

তিনি বলেন, পদ্মা নদীকে কেন্দ্র করে যে বিশাল সেচ প্রকল্পের নিজস্ব বাজেট ছিল প্রায় এক হাজার কোটি টাকা, গত ১৬ বছরে সেটি পরিকল্পিতভাবে থামিয়ে রাখা হয়েছে। আমাদের লক্ষ্য হলো– এই ঐতিহাসিক প্রকল্পটিকে আবার পূর্ণ শক্তিতে সচল করা।

tarek-rahman

বিএনপি চেয়ারম্যান উত্তরবঙ্গের কৃষকদের আশ্বস্ত করে বলেন, এই সেচ ব্যবস্থা শুধু রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই পঞ্চগড় পর্যন্ত কৃষকরা যেন পায়, সেই ব্যবস্থা আমরা করব। উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। আমরা চাই উত্তরের প্রতিটি প্রান্তরে সেচের পানি পৌঁছে যাক, যাতে আমাদের মায়েরা ও কৃষানিরা সমৃদ্ধির মুখ দেখতে পান।

তারেক রহমান বলেন, দেশের সব নারীকে ফ্যামিলি কার্ডের পাশাপাশি সব কৃষকদের একটি কৃষি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে কৃষিঋণ, সার, বীজসহ সব কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হবে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ও ভোকেশন্যাল ট্রেনিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, হারুন উর-রশীদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু সাইদ চাঁদ প্রমুখ ।

/এসআর/