শিরোনাম

পদ্মায় বাসডুবি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

রাজবাড়ী সংবাদদাতা
পদ্মায় বাসডুবি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদ্‌ঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম পাঁচ সদস্যকে নিয়ে দুর্ঘটনাস্থল ৩ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা সৌহার্দ্য পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসটিও পরিদর্শন করেন।

এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি। পরে কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হবে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন গোয়ালন্দ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার এ‌জিএম মো. সালাহউ‌দ্দিনসহ অন্য কর্মকর্তারা।

এর আগে, বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়।

/এসআর/