শিরোনাম

নোয়াখালীতে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১০

জেলা সংবাদদাতা
নোয়াখালীতে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার নলচিরা ঘাট এলাকায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানে পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন পর হাতিয়ার সাধারণ মানুষের কাঙ্ক্ষিত ফেরি চালুর খবরে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে জড়ো হন। এ সময় ফেরি চালুর কৃতিত্বকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালীন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌ পুলিশ লাঠিপেটা করে। এ সময় সেখানে উপস্থিত হাজারো মানুষ দিগ্বিদিক ছুটে আত্মরক্ষার চেষ্টা করে।

নলচিরা ঘাট এলাকার স্থানীয় দোকানি ও বাসিন্দা নুর হোসেন বলেন, “চেয়ারম্যান ঘাট থেকে ফেরি নলচিরা ঘাটে পৌঁছলে এনসিপির সমর্থকরা শাপলাকলির পক্ষে স্লোগান দিতে থাকেন। পরে বিএনপির ধানের শীষের সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। ফেরি চালুর কৃতিত্বকে কেন্দ্র করে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পক্ষ অন্য পক্ষকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে।’

এ ঘটনায় এনসিপির সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি থানা ঘেরাওয়ের হুমকি দেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ‘ফেরি চালু করা হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ‘

এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, ‘কথা-কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

/জেএইচ/