শিরোনাম

‘আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে’

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
‘আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে’
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন আমাদের (বিএনপি) কিছু নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

শনিবার (১১ জুলাই) নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নোয়াখালীর সেনবাগের স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের নেতাকর্মী হলেও কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এর আগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা করছেন, সংশোধন না হলে তাদেরও থানায় পাঠানো হবে।’

এ সময় এলাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যে গ্রামীণ রাস্তা দিয়ে দেড় টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু লোক ২০ টনের ভারী ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের এখনো প্রায় সাড়ে চার বছর বাকি আছে। এই সময়ে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মন জয় করতে পারেন, তবে মানুষ নির্বাচনে অবশ্যই বিএনপিকে বিবেচনা করবে।’

গণতান্ত্রিক ধারার রাজনীতির প্রতি জোর দিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘বিএনপি কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জোর করে বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না।’

/এফআর/