শিরোনাম

নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত ৫

নওগাঁ সংবাদদাতা
নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত ৫
চাপা দেওয়ার পর খালে পড়ে যায় ড্রাম ট্রাক। ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেনে। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত সামন্ত একই গ্রামের রমেসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে (বাজার) যাচ্ছিলেন। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা ভ্যানে থাকা অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এছাড়া সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়কে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় পাঁচজন মারা গেছেন।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/জেএইচ/