শিরোনাম

সরকারি শিশু পরিবারগুলো আধুনিকায়ন করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ময়মনসিংহ সংবাদদাতা
সরকারি শিশু পরিবারগুলো আধুনিকায়ন করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অন্যরা।

সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (৫ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে, পরিদর্শনকালে মন্ত্রী শিশু পরিবারের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান, শিক্ষা এবং চিকিৎসা সেবা ঘুরে দেখেন। এ সময় তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি শিশুদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রাজু আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কায়কোবাদ মামুন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল প্রমুখ।

/এফআর/