শিরোনাম

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু

মৌলবীবাজার সংবাদদাতা
মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তালেব মিয়া (৪০) ও স্বপন মুন্ডা (৪৫)।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন নিহত তালেব মিয়া। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

নিহত তালেব মিয়া ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শন করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, একই দিন দুপুরে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন স্বপন মুন্ডা (৪৫) নামের এক শ্রমিক।

নিহত স্বপন মুন্ডা উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই স্বপন মুন্ডার মৃত্যু হয়।

/এফআর/