শিরোনাম

পুলিশ সদস্যকে জনসম্মুখে থাপ্পড় দেওয়া সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

মাগুরা সংবাদদাতা
মাগুরা সংবাদদাতা
পুলিশ সদস্যকে জনসম্মুখে থাপ্পড় দেওয়া সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়ন

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে জনসম্মুখে পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে নাঈমুজ্জামান নয়ন নামে এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শনিবার বিকালে মাগুরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নয়ন জেলার ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ভায়নার মোড় হয়ে পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী পুলিশের কনস্টেবল ইমরান। হাসপাতালের সামনে নাঈমুজ্জামান নয়ন বাইকের সামনে পড়লে ইমরান হর্ন দেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নয়ন ও তার সহযোগীরা পুলিশ সদস্য ইমরানকে থাপ্পড় মারেন। এ সময় পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সহায়তা করেন বলেও অভিযোগ করা হয়।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়। সহকর্মীকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার ঘটনায় পুলিশের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে সদর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় মাগুরা সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।

/এফআর/