শিরোনাম

মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

মাগুরা সংবাদদাতা
মাগুরা সংবাদদাতা
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ
ভিডিও করেন জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন

মাগুরায় ইমরান হোসেন নামে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ সময় নয়ন ঘটনার একটি ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে মাগুরা শহরে এ ঘটনা ঘটে।

মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। তিনি শহরের ভায়নার মোড় এলাকা হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইমরান হোসেন। নয়ন মোটরসাইকেলের সামনে পড়ায় হর্ন বাজান পুলিশ সদস্য ইমরান। হর্ন শুনে নয়ন রাস্তা থেকে না সরায় ইমরান কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন ক্ষিপ্ত হয়ে ইমরানকে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এসে বাধা দিলে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, বাহিনীর একজন সদস্যের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন এক পুলিশ সদস্যকে মারধর করেছেন। আমরা বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/