শিরোনাম

গোপনে টিসিবির চাল বিক্রি

মাগুরা সংবাদদাতা
গোপনে টিসিবির চাল বিক্রি
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৪৩৪ কেজি চাল বিক্রির ঘটনায় ইজিবাইকসহ চালের বস্তা আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবির ডিলার বাবু এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে বিতরণের পরিবর্তে সরকারিবাবে বরাদ্দকৃত চাল গোপনে বিক্রি করে দেন। পরে চালগুলো নেওয়ার সময় হাটবাড়িয়া বাজার এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইজিবাইকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।

চাল ক্রেতা মাগুরার বাহারবাগ এলাকার বাসিন্দা মো. ফারুক বিশ্বাস জানান, তিনি বস্তা কিনতে বাজারে এসেছিলেন। এ সময় তাকে চাল কেনার প্রস্তাব দেওয়া হয়। পরে ৩০ টাকা কেজি দরে চাল কিনেন। এটি টিসিবির চাল ছিল বলে তিনি জানতেন না।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য গোপনে দোকানে বিক্রি করে আসছিলেন। বরাদ্দকৃত পণ্য আত্মসাতের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

অভিযুক্ত ডিলার রফিকুল ইসলাম বাবু বলেন, আমি আমার গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছি। অনেকেই চাল নিতে চান না, সেই কারণে চাল বিক্রি করেছি।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/