শিরোনাম

স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
(ইনসেটে) গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভুঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় ভুক্তভোগী ছাত্রী প্রকৃতির ডাকে বাথরুমে যায়। এসময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌঁড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত দেন-দরবার করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা।

পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি এনামূল হক প্রধান বলেন, আজ (মঙ্গলবার) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃত মোতালেবকে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/