শিরোনাম

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যুবলীগের নেতা মো. আল আমিন সৈকত

কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করা হয়েছে।

নিহত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌর শহরের আড়াইবেপারী বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে সৈকত তার ব্যবসাপ্রতিষ্ঠান রিভারভিউ হোটেলে ছিলেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মোটরসাইকেল নিয়ে হোটেল থেকে বাসার উদ্দেশে রওনা হন। বাসার সড়কে ঢুকে কিছুদূর যাওয়ার পর গোপাল জিউর মন্দিরের সামনে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ও অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরবর্তীতে স্থানীয়রা সৈকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

/এফআর/