শিরোনাম

ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

সিটিজেন ডেস্ক
ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারাবন্দী এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫), যিনি সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল। বৃহস্পতিবার সকালে তার বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। এ সময় তার পায়ে ডান্ডাবেড়ি পরানো ছিল। জানাজার সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

ছাত্রলীগের নলছিটি উপজেলা শাখার সভাপতি অনীক রহমান সরদার বলেন, রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পিতার মৃত্যু যেকোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের। প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নিতে হওয়া আরও বেদনাদায়ক। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার ধৈর্য্য কামনা করি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। দাফন শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএ/