শিরোনাম

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

যশোর সংবাদদাতা
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিদ্যুৎ ঘাটতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যশোর সার্কিট হাউজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ইফতার, তারাবি ও সেহরিতে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি, সেই চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুতের ঘাটতি আছে, সেটাকে কীভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে।’

বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে।’

এর আগে সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সকালে নিজ জেলা যশোরে আসেন অনিন্দ্য ইসলাম অমিত।

/টিই/