শিরোনাম

যশোরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

যশোর সংবাদদাতা
যশোরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

যশোরে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত দরজা ও জানালা দিয়ে নেমে যাওয়ায় কেউ অগ্নিদগ্ধ হয়নি বা মারা যায়নি।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটি বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, আগুন ধরে যাওয়ায় একপর্যায়ে বাসযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেনন এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটি আছে বলে মালিকদের জানান। তারপরও মালিককেরা বারবার তাগিদ দেওয়ায় বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন চালক। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

/বিবি/