শিরোনাম

যশোরে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
যশোরে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
শার্শা থানা

যশোরের শার্শা উপজেলায় দুই সন্তানকে হত্যার পর বাবা কামাল হোসেন (৪৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দুই শিশু হলো– পাঁচ বছর বয়সী সাবির ও প্রায় আড়াই বছর বয়সী জাবির। তাদের বাবা কামাল হোসেন উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। এরপর দুই শিশুপুত্র বাবার সঙ্গে বাড়িতেই ছিলেন।

তবে গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুর কারণ এবং কামাল হোসেনের আত্মহত্যার পেছনে কী কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ‘কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।’

/এফআর/