শিরোনাম

পলাশবাড়ীতে রাম বিগ্রহ অপসারণ ও হরিদাস চন্দ্রের বিচার দাবিতে বিক্ষোভ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পলাশবাড়ীতে রাম বিগ্রহ অপসারণ ও হরিদাস চন্দ্রের বিচার দাবিতে বিক্ষোভ
রাম বিগ্রহ অপসারণ এবং এর নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালীমন্দির প্রাঙ্গণে নির্মাণাধীন আলোচিত রাম বিগ্রহ অপসারণ এবং এর নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর উপজেলার চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের ফ্লাইওভারের নিচে শত শত মানুষ জড়ো হয়ে এ কর্মসূচিতে অংশ নেন। ‘সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা গণসমাবেশে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক মওলানা মো. আসাদুজ্জামান, উপজেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মওলানা সাদেকুল ইসলাম, মুফতি মিজানুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মওলানা আমিনুল ইসলাম বুলবুল, লিয়াউল হাম্দ সৈকত, মওলানা নুরুল আলম বিপুল, মুফতি আজহারুল ইসলাম, আনিসুর রহমান আনাস, মাকসুদুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ এবং সামিউল ইসলাম।

সমাবেশে মওলানা মো. আসাদুজ্জামান বলেন, “শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালীমন্দির প্রাঙ্গণে নির্মাণাধীন এই বিশাল রাম বিগ্রহ অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তিনি আরও দাবি করেন, প্রকল্পের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ঘিরে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ, বিতর্ক ও প্রশ্ন রয়েছে। অতীতে তার বিরুদ্ধে উগ্রবাদী আচরণসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।

সমাবেশ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— মন্দির প্রাঙ্গণে নির্মিত বড় আকৃতির মূর্তিগুলো দ্রুত অপসারণ, হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগে অভিযুক্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ইসকনের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রথযাত্রার নামে উলঙ্গতা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ তুলে এ ধরনের কর্মসূচি বন্ধের দাবি।

এদিকে, গত রোববার রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালীমন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

/এমআর/