শিরোনাম

প্রেমের টানে ফেনীতে এসে বিয়ে করলেন ফিলিপাইন তরুণী

ফেনী সংবাদদাতা
প্রেমের টানে ফেনীতে এসে বিয়ে করলেন ফিলিপাইন তরুণী
ছবি: সংগৃহীত

প্রেমের টানে ফিলিপাইন থেকে ফেনীতে প্রেমিক সুজন পালের কাছে ছুটে এসেছেন এক তরুণী। বুধবার (৪ মার্চ) রাতে শহরের কালি মন্দিরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

ফিলিপাইনি ওই তরুণীর নাম জেনি। তার প্রেমিকের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থানকালে ২০১৮ সালে জেনির সঙ্গে পরিচয় হয় সুজনের। দুজনের পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, পরবর্তী সেটি গড়ায় ভালোবাসায়। প্রেমের সম্পর্কের পর সম্প্রতি দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। এজন্য বাংলাদেশে আসেন প্রেমিকা জেনি। বুধবার রাতে ফেনী শহরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী সাত পাকে বাঁধা পড়েন এই প্রেমিক যুগল।

জেনি বলেন, দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার ভালো লাগছে। অন্য রকম অনুভূতি হচ্ছে।

সুজন পাল বলেন, প্রায় ৮ বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় একসঙ্গে থাকতে চেয়েছি। সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন।

ফেনী কালি মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী বলেন, তারা একে অপরকে ভালোবেসে বিয়ের জন্য দেশে এসেছেন। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়েছে। সুজনের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। তাদের জন্য শুভ কামনা রইল।

/এসআর/