শিরোনাম

বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ ইনের চেষ্টা

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ ইনের চেষ্টা
ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে বাঁশঝাড়ের নিচে বসে আছেন নারীরা

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ঢুকতে না দিয়ে ভারতের দিকে ফেরত পাঠিয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে

খিয়ারমামুদপুর গ্রামে গিয়ে দেখা যায়, ২৯১/২০ সীমান্ত পিলারের পাশে ভারতের ভেতরে একটি বাঁশঝাড়ের নিচে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ৯ নারী অবস্থান করছেন। ওই নারীরা জানান, তারা বাংলাদেশি। তাদের বাড়ি গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে। তাদের মা-বাবা কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র আছে। দালালের মাধ্যমে তারা ভারতে গেছেন।

গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোরে ৯ নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। গ্রামবাসীর সহযোগিতায় বিজিবির সদস্যরা তাদের ভারতের দিকে ফেরত পাঠান। এরপর ওই নারীরা ভারতের শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছেন। এ সময় বিজিবির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শুকুর আলী বলেন, ‘বিএসএফ সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে। আমরা গ্রামবাসীকে নিয়ে বিজিবিকে সহযোগিতা করছি।’

এ বিষয়ে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) অধীন ভাইগড় বিওপি ক্যাম্পের সুবেদার টিয়া আলম বলেন, ‘বিএসএফের ভিমপুর ক্যাম্পের কমান্ডারকে বলেছি, ভারতের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেবো না। আমরা সীমান্তে সতর্ক অবস্থানে আছি।’

/এসআর/