মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ

কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার সংবাদদাতা
মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ
কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ৩ জনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মরদেহগুলো পড়ে থাকার খবর পায় পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে মানবপাচারকারীদের আস্তানায় আমরা ৩ জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত হওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।

অভিযান চলাকালে ওই আস্তানা থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়। একইসঙ্গে মানবপাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাসদস্য নিহতের ঘটনার পর থেকে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

/এসবি/