টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার সংবাদদাতা
টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ
জব্দকৃত ইয়াবা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় মাদক পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল।

অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের জন্য সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

/এফআর/