শিরোনাম

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অক্ষর শৌভিক রায় খুলনা শহরের বানিয়াখামার এলাকার বাসিন্দা শেখর রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে শৌভিক ২ হাজার টাকার টিকিট কেটে প্যারাসেইলিং করেন। আকাশে প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট ওপরে ওঠার পর তিনি হঠাৎ সমুদ্রে পড়ে যান। পরে কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে প্যারাসেইলিং পরিচালনা এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, বৈরী আবহাওয়ার কারণে তিন দিন আগেই সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের অনুমতি ছাড়াই দরিয়ানগরে এটি পরিচালিত হচ্ছিল। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরও নিরাপত্তা জোরদার না হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

/এসবি/