শিরোনাম

কক্সবাজার সমুদ্রে নিখোঁজের দুদিন পর সেই পর্যটক মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রে নিখোঁজের দুদিন পর সেই পর্যটক মরদেহ উদ্ধার
নিহত ইব্রাহিম খান

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর ইব্রাহিম খান (২৩) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে মহেশখালী উপজেলার সোনাদিয়া সৈকতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত ইব্রাহিম ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। তিনি জেডকেপি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এর আগে, গত ২৬ আগস্ট সৈকতের সিগাল পয়েন্টে গোসলে নেমে তীব্র স্রোতের টানে ভেসে যান নিহত ইব্রাহিমসহ দুই পর্যটক। ঘটনার দিনই ইয়াসিন খান (২৫) নামের ওই পর্যটকের মরদেহ পাওয়া যায়। তিনি ও ইব্রাহিম সম্পর্কে চাচাতো ভাই। ইয়াসিনও আফতাবনগর এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও লাইফগার্ড কর্মীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক গত ২৬ আগস্ট দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের সুগন্ধা সৈকতের সিগাল পয়েন্ট এলাকায় গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে ইব্রাহিম ও ইয়াসিন সাগরে ভেসে যান। পরে ইয়াসিনের মরদেহ পাওয়া গেলেও ইব্রাহিম নিখোঁজ ছিলেন।

নিখোঁজের পর থেকে ইব্রাহিমকে উদ্ধারে সাগরে তল্লাশি চালিয়ে আসছিলেন লাইফগার্ড কর্মীরা। শুক্রবার সকাল ছয়টার দিকে মহেশখালীর সোনাদিয়া সৈকতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ইব্রাহিমের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/