শিরোনাম

দিনাজপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় আটক ৪

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় আটক ৪
আটক চারজনকে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে

দিনাজপুর সদর উপজেলায় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতাড়া মনিপুর সীমান্ত দিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করেন আনসার সদস্যরা। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে রাখা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জাহানারা বেগম ও আকব্বর মোল্যা। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। আটক অন্য দুজন ওই নারীর ছেলে ও ভাই।

শংকরপুর ইউনিয়নের সদস্য পঙ্কজ বসাক বলেন, ‘প্রাথমিক কথাবার্তায় জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছেন। জাতীয় পরিচয়পত্র দেখে জানতে পারি, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইলের কালিয়া মির্জাপুর এলাকায়। তারা একই পরিবারের সদস্য।’

শংকরপুর ইউনিয়নের আনসার কমান্ডার আবদুস সালাম বলেন, ‘আটক ব্যক্তিরা জানান মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে তাদের ঠেলে পাঠায়। কোন এলাকা দিয়ে এসেছেন, সেটা বলতে পারেননি তারা। সারা রাত হেঁটে হেঁটে ডুয়াপাড়া পাথারে আসেন।’

এ বিষয়ে দিনাজপুর ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে আমাদের প্রতিনিধিদল কাজ করছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসআর/