শিরোনাম

মাদকবিরোধী অভিযানের নামে হামলা, প্রবাসীর মৃত্যু

চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুর সংবাদদাতা
মাদকবিরোধী অভিযানের নামে হামলা, প্রবাসীর মৃত্যু
নিহত শাহজাহান পাটোয়ারী

চাঁদপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটোয়ারী মান্দারী গ্রামের বাসিন্দা।

স্থানীয় একাধিক সূত্রে জানায়, মান্দারী এলাকায় ৫ আগস্ট রাতে মাদকবিরোধী অভিযানের নামে এলাকায় মিছিল সমাবেশ করে একদল যুবক। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী ওই যুবকের ডেকে কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযানে থাকা যুবকেরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গুরুতর আহত হন প্রবাসী শাহজাহান পাটোয়ারী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর সদর উপজেলায় মহামায়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

/এফআর/