শিরোনাম

হজযাত্রীর লাগেজ হারানোর ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
হজযাত্রীর লাগেজ হারানোর ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর লাগেজ হারানোর ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কসবার কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কসবা পৌরসভার শাহপুর গ্রামের মরিয়ম বেগম এ বছর হজ পালনের উদ্দেশ্যে একটি হজ কাফেলার মাধ্যমে সৌদি আরবে যান। ফেরার পথে তিনি সৌদি আরবে একটি লাগেজ হারিয়ে ফেলেন। ওই লাগেজ ছাড়াই তিনি দেশে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাগেজটি ফিরে পেতে তার পরিবারের সদস্যরা উপজেলার আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিনের ‘কসবা হজ কাফেলা’ ট্রাভেল এজেন্সিতে যান। কর্তৃপক্ষ জানায়, লাগেজের দায়িত্ব হজযাত্রীর। কথা কাটাকাটির এক পর্যায়ে হজযাত্রীর পরিবারের সদস্যরা এজেন্সিতে ভাঙচুর চালায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

মুঠোফোন বন্ধ পাওয়ায় কসবা হজ কাফেলার পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসআর/