শিরোনাম

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
স্বপ্না আক্তার ও জিয়া ঐলী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। সেই সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বাংলাদেশে এসেছেন চীনা যুবক জিয়া ঐলী। তিনি চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা।

শুধু তা-ই নয়, নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন তিনি। এখন চলছে বিয়ের প্রস্তুতি। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।

সোমবার (১৫ জুন) রাতে ওই যুবক উপজেলার নীলনগর গ্রামে স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। সেখানে তিনি তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই বিদেশি ওই যুবককে এক নজর দেখতে ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে ফেসবুকে যোগাযোগ ছিল চীনা যুবক জিয়া ঐলীর। তিনি সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন কথা বলার পর প্রিয় মানুষটিকে দেখতে তিনি বাংলাদেশে ছুটে আসেন।

স্বপ্নার পরিবারের সদস্যরা জানান, ওই চীনা যুবক স্বপ্নাকে বিয়ে করতে চান। মঙ্গলবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর তার নতুন নাম রাখা হয়েছে জাহিদ ইসলাম। এখন মুসলিম রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন করা হবে।

তরুণী স্বপ্না আক্তার নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যেকোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হবে।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এসআর/